সাত বছরের মধ্যেই মিলবে গুগলের বাণিজ্যিক কোয়ান্টাম কম্পিউটার

২০ মে, ২০২১ ০৮:০৬  
এ বছরই ক্লিভল্যান্ড ক্লিনিকে নিজেদের প্রথম বাণিজ্যিক কোয়ান্টাম কম্পিউটার ইনস্টল করবে আইবিএম। তবে এ জন্য আরো সাত বছর অপেক্ষা করতে হবে গুগলপ্রেমীদের। কেননা আগামী ২০২৯ সাল নাগাদ বাণিজ্যিক মানের কোয়ান্টাম কম্পিউটার উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন গুগল প্রধান সুন্দার পিচাই। গুগল আইওতে দেয়া ওই ঘোষণার পরই এক ব্লগ পোস্টে কোয়ান্টাম এআই প্রধান প্রকৌশলী এরিক লুসেরো জানিয়েছেন, এক দশকের মধ্যে “ব্যবহারযোগ্য, ভুল-সংশোধিত কোয়ান্টাম কম্পিউটার তৈরি”র লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। কোয়ান্টাম কম্পিউটারের প্রধান সুবিধাজনক দিকগুলোর মধ্যে রয়েছে প্রসেসিং ক্ষমতা, পরিসর এবং নির্ভুলতা। এ ধরনের কম্পিউটারের মাধ্যমে গবেষকরা অনেক দ্রুত জটিল ধরনের গবেষণার কাজ সেরে নিতে পারবেন। বিশেষজ্ঞদের মতে, কোয়ান্টাম কম্পিউটারের সহায়তায় স্বাস্থ্যসেবা, অর্থনীতি, এনক্রিপশন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শক্তি খাতের মতো শিল্পগুলোতে মাইলফলক অর্জন সম্ভব হবে। লুসেরো এ প্রসঙ্গে বলছেন, “আমরা আগামী দশ বছর সামনে তাকালে, বৈশ্বিক অনেক বড় মাপের চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে পরবর্তী মহামারী সামাল দেওয়ার বেলায়, নতুন ধারার কম্পিউটিংয়ের প্রয়োজন পড়বে।” এদিকে ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারাতে গুগলের নতুন ক্যাম্পাস হচ্ছে বলেও জানিয়েছেন গুগল নির্বাহীরা। নতুন ওই ক্যাম্পাসটি হবে গুগলের প্রথম কোয়ান্টাম ডেটা সেন্টার, হার্ডওয়্যার গবেষণাগার। প্রতিষ্ঠানটির একান্ত নিজস্ব কোয়ান্টাম প্রসেসর চিপ তৈরির সুবিধাও থাকবে সেখানে।